ভবিষ্যতে এফ১-এ ভি৮ ইঞ্জিন ফেরানোর সম্ভাবনা নিয়ে সর্বশেষ অবস্থান জানিয়েছেন এফআইএ সভাপতি মোহাম্মদ বেন সুলায়েম।

২০২৬ সালের প্রথম কয়েক মাসে ভি৮ ইঞ্জিনকে আবার এই প্রতিযোগিতায় ফেরানোর ধারণা দেন সুলায়েম। একাধিক দল ইতিমধ্যে এতে সমর্থন জানিয়েছে এবং ইঞ্জিনটি ২০৩০ সালে ফিরতে পারে।
এফ১-এর নতুন পাওয়ার ইউনিটে বিদ্যুৎশক্তি ও শক্তি ব্যবস্থাপনার ওপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে চালক ও দলগুলোর ব্যাপক অভিযোগ থেকেই এই পরিকল্পনার সূত্রপাত।
সাক্ষাৎকারে সুলায়েম বলেন, “আমরা সত্যিই ভুল করি। আমাদের ব্যবস্থায় ফাঁকও রয়েছে।
“তবে একটি কাজ আমরা অবশ্যই করব—ভুল স্বীকার ও সংশোধন করার সাহস দেখাব।
“এ বছরের শুরুর দিকের রেসগুলো দেখলে বোঝা যাবে, তখন প্রতিযোগিতা যথেষ্ট আকর্ষণীয় ছিল না। কিন্তু এখন তীব্র লড়াই দেখা যাচ্ছে।
“আপনারা দেখতে পাচ্ছেন, ব্যবধান খুব বড় নয়। এফআইএ হস্তক্ষেপ করেছে। ফিরে আসা সব তথ্য ও সব অভিযোগও এফআইএ পর্যালোচনা করছে।
“ভি৮ ইঞ্জিন প্রসঙ্গে ফিরলে আমাদের দেখতে হবে লক্ষ্য কী। কেন ভি৮ চালু করা হবে? আমার মতে, সবার প্রত্যাশা ও চাহিদা পূরণে সম্পূর্ণ নতুন ইঞ্জিন বিধিমালা প্রয়োজন। প্রথমত, সমর্থকেরা যে গর্জন শোনার স্বপ্ন দেখেন, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সরল কাঠামো ও ব্যয়সাশ্রয়ও দরকার।
“এখন ১০০% টেকসই জ্বালানি রয়েছে, যা গাড়িকে পুরোপুরি পরিবেশবান্ধব করতে পারে। পরে দলগুলোর সঙ্গে আমরা এর মূল্যায়ন ও হিসাব করব।
“আমরা দল, ইঞ্জিন নির্মাতা ও চালকদের সঙ্গে আলোচনা করছি, যা খুবই গুরুত্বপূর্ণ। এটি শুধু আমাকে বা দলগুলোকে ঘিরে নয়; সত্যিকার অর্থে যাঁরা গাড়িগুলো চালান, সেই চালকদেরও বিষয়।”